বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে নির্বাচনকালীন ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে হবে।
সভায় আইজিপি’র দিকনির্দেশনার আলোকে সব ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
পুলিশ সদস্যরা সভায় নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবি ছিল— দ্বীপ থানার জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!