জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উচ্চশিক্ষা ও অবকাঠামো খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় একটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং দুটি প্রকল্প অসমাপ্ত অবস্থায় সমাপ্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, প্রশাসনিক পুনর্গঠন ও ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মোট ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প, ৬টি সংশোধিত এবং ৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার—এই দুটি প্রকল্প বর্তমান অবস্থায় অসমাপ্ত রেখেই সমাপ্ত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
একনেকে অনুমোদিত ২৫টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া যাবে।
পরিকল্পনা কমিশনের তথ্যমতে, সভায় অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উত্তরের জনপদে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১ হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপন প্রকল্প। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া যোগাযোগ খাতের উন্নয়নে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) এবং দোহাজারী–রামু–কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন পায়।
যুব ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির একটি সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির একটি প্রকল্পেও সায় দিয়েছে একনেক।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!