জাতীয়

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর : আসিফ নজরুল

আপডেট: জানু ২৭, ২০২৬ : ০৫:১৫ এএম ১০
দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর : আসিফ নজরুল

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ ইতিমধ্যে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি বাংলাদেশের শ্রমবাজারে চলমান গুণগত পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন।

ড. আসিফ নজরুল জানান, সৌদি আরবের তাকামুল প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষতা যাচাই কর্মসূচি-সংক্রান্ত চুক্তির আওতায় সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ এখন প্রতি মাসে প্রায় ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সনদ প্রদান করছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুমোদন করেছে, যা শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এতে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করা, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূর করা এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরবের শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এ বছর রিয়াদে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে আইএলও’র মহাসচিবসহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!