জাতীয়

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৬:০৭ এএম
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করা হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাতকে শবে বরাত হিসেবে পালন করেন মুসলমানরা।

এই উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বাণীতে উল্লেখ করা হয়, পবিত্র শবে বরাত মানবজীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত রয়েছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা প্রদর্শন করেন। এ কারণেই এ রাতটি সৌভাগ্যময় রজনী হিসেবে বিবেচিত।

ড. মুহাম্মদ ইউনূস বাণীতে বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত–বন্দেগি, দান–সদকা এবং আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করা যায়।

তিনি আরও বলেন, আসুন—পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছে সবাইকে ক্ষমা ও হেফাজত করার দোয়া কামনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!