আইন কার্যকরভাবে প্রয়োগ করা গেলে একদিন হর্নমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করেছে। এখন এর সঠিক ও ধারাবাহিক প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট মাজার চত্বরে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচির আওতায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় সব ধরনের উৎস থেকে সৃষ্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে যানবাহনের হর্ন থেকে সৃষ্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হচ্ছে। এ বিধিমালার আওতায় বাংলাদেশ পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
তিনি বলেন, বাংলাদেশে আগে শব্দ দূষণের ক্ষেত্রে এভাবে আইন প্রয়োগ শুরু হয়নি। ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং অভ্যাসের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা জানান, ঘোষিত নীরব এলাকাগুলোতে আগামী ছয় মাসে কীভাবে কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে দ্রুত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!