আসন্ন জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি হলেও দেশের ভেতরের ভোটারদের সাড়া এখনো ধীরগতির। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থায় প্রবাসী ভোটারদের মধ্যে আগ্রহ দ্রুত বাড়ছে। কমিশনের মতে, ডিজিটাল পদ্ধতির এই ব্যবস্থাকে নির্বাচন ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপারের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্য থেকে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি ব্যালট। ইতিমধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত গ্রহণ করেছেন ৪১ হাজার ১৭৮টি ব্যালট।
এর বিপরীতে, দেশের ভেতরে ডাকযোগে ভোট দেওয়ার (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) জন্য নিবন্ধিত ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক কম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ভোটারদের কাছে পাঠানো ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালটের মধ্যে মাত্র ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১২ হাজার ৯১৫টি ব্যালট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ডাকযোগে পাঠানো ও ফেরত আসা ব্যালটগুলো কঠোর নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানো ব্যালটগুলো মূল ভোট গণনার সঙ্গে যুক্ত করা হবে।
কমিশনের কর্মকর্তাদের মতে, প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করছে যে উপযুক্ত প্রযুক্তিগত সহায়তা ও ব্যবস্থাপনা থাকলে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো সম্ভব। তবে দেশের ভেতরে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে আরও সচেতনতা ও কার্যকর উদ্যোগের প্রয়োজন বলে তারা মনে করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!