জাতীয়

লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৫:৪৬ এএম
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা

লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস করতে হবে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদার ভেসেল হতে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত লাইটার জাহাজের বিভিন্ন সংকট সমাধানে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন। তিনি আমদানিকারক ও পণ্যের এজেন্টদের মধ্যে যারা নির্ধারিত সময়ে পণ্য খালাস করছেন না, তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেই তালিকা গণমাধ্যমে প্রকাশ করার ও দায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তির লাইসেন্স বাতিল করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণের নির্দেশ দেন।

উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে অভ্যন্তরীণ বাজারে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্য আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে কৃত্রিম সংকট তৈরি করছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় নৌপরিবহন অধিদপ্তর ইতোমধ্যে তিনটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এসব টাস্কফোর্স নারায়ণগঞ্জ, যশোর, নোয়াপাড়া এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ এলাকায় মোবাইল কোর্টসহ অভিযান পরিচালনা করছে। ফলশ্রুতিতে বিআইডব্লিউটিসি থেকে বহিঃনোঙরে মাদার ভেসেলসমূহে মোট ৭৩৫টি লাইটার ভেসেল সরবরাহ করা সম্ভব হয়েছে।

লাইটার জাহাজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি সংবলিত লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে জাহাজের অবস্থান সার্বক্ষণিকভাবে ট্র্যাক করা যাবে।

উপদেষ্টা জানান, ১৫ জানুয়ারি থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী, ঢাকার বুড়িগঙ্গা, মুন্সিগঞ্জের মেঘনা, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, চট্টগ্রামের কর্ণফুলী এবং যশোরের নোয়াপাড়ার ভৈরব নদীতে টাস্কফোর্স নিয়মিত অভিযান চালাচ্ছে। অভিযানে মোট ৪৫৫টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়েছে। খাদ্যপণ্য বহনকারী ৪০ দিনের বেশি অপেক্ষা করা ১৩টি জাহাজকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!