জাতীয়

ওসমান হাদি হত্যা জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ০৫:২৯ এএম
ওসমান হাদি হত্যা জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে জাতিসংঘ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ওসমান হাদি হত্যার ঘটনায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় জাতিসংঘের সঙ্গে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতারা ও নিহতের পরিবারের সদস্যরা।

ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে, ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা এর আগেও একাধিকবার পেছানো হয়েছে। মামলাটি দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!