জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তার বদলি

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ০৫:৩৮ এএম
পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তার বদলি

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকতেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকেও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাজশাহীর সারদায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহীর সারদায় কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এ ছাড়া এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে এন্টি টেররিজম ইউনিটে বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!