জাতীয়

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:৫৫ এএম ১২
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।

জানা গেছে, আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের তথ্য অনুযায়ী, রমেশ চন্দ্র সেন ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ কর্তৃক আটক হয়ে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরিত হন। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট তিনটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের কর্মকর্তা মো. ফরহাদ সরকার বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। সংসদে তিনি পাঁচবার নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!