বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্রেনাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুই দেশের যৌথ ঘোষণায় স্বাক্ষরের মাধ্যমে এ সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পক্ষে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম এবং গ্রেনাডার পক্ষে হাইকমিশনার রাচের ক্রোনি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। দুই দেশই ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করলেও, এতদিন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি।
হাইকমিশনার আবিদা ইসলাম এই উদ্যোগকে বাংলাদেশের পররাষ্ট্র ইতিহাসে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের অনুমোদিত এই পদক্ষেপ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করেছে।”
আবিদা ইসলাম আরও বলেন, “এ সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, এটি দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে একটি সেতুবন্ধন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও গ্রেনাডা একসঙ্গে আরও জোরালো কণ্ঠে কথা বলবে।” তিনি দুই দেশের বাণিজ্য, শিক্ষা ও শিল্প সম্প্রসারণের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন।
গ্রেনাডার হাইকমিশনার রাচের ক্রোনি বলেন, “দুই দেশই কমনওয়েলথভুক্ত এবং গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন ও বহুপক্ষীয় সহযোগিতার নীতিতে বিশ্বাসী। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!