জাতীয়

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৪৩ এএম
সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে। দলটি জানিয়েছে, ভাষণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে এবি পার্টির অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দলের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপন্থা জাতির সামনে উপস্থাপন করবেন চেয়ারম্যান মঞ্জু।

এবি পার্টির নীতিনির্ধারকদের মতে, এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ রূপরেখা প্রতিফলিত হবে।

দলটি মনে করছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা হিসেবে এই ভাষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!