জাতীয়

১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৬:১০ এএম
১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। একই সঙ্গে ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজও পাওয়া যাবে। প্রাথমিকভাবে রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশানে বিটিসিএলের বিক্রয়কেন্দ্র থেকে এসব সেবা দেওয়া হবে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পোস্টে তিনি উল্লেখ করেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্ট–ভিত্তিক ট্রিপল-প্লে প্যাকেজ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে এমভিএনও মডেলে পরীক্ষামূলকভাবে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা প্রদান করবে।

এই সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’ অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া এমভিএনও সেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা। একই সঙ্গে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট দেখার সুযোগও থাকবে। মোবাইল ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবাকে একত্র করে গ্রাহকদের কোয়াড-প্লে সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিটিসিএল।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম সফলভাবে সচল করা হয়েছে। ভয়েস ও ডেটা কল, আলাপ–টু–মোবাইল নেটওয়ার্ক, আলাপ–টু–আলাপ এবং জিপন ইন্টিগ্রেশনের প্রভিশনিং ও কল টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার পরীক্ষামূলকভাবে বিটিসিএলকে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!