পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শুক্রবার টোকিওতে আয়োজিত এক অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেনতারো ডিও নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীল উন্নয়নে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারকের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রশমন ও অভিযোজন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণসহ পরিবেশ–সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া উভয় দেশ পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে এবং পরিবেশ খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে।
দুই দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই সমঝোতা স্মারক একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!