জাতীয়

নির্বাচন উপলক্ষ্যে এমএফএসে কড়াকড়ি, এক হাজার টাকার বেশি লেনদেন নয়

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:১৪ পিএম
নির্বাচন উপলক্ষ্যে এমএফএসে কড়াকড়ি, এক হাজার টাকার বেশি লেনদেন নয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, নগদ ও রকেটসহ সব এমএফএসে একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে এবং মোট লেনদেনের সীমা হবে ১০ হাজার টাকা।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এই সময়ে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম বহাল থাকবে। তবে অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আইবিএফটি লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বর্তমানে এমএফএসের মাধ্যমে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

এ ছাড়া নির্বাচন উপলক্ষ্যে এমএফএস–সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব লেনদেন সার্বক্ষণিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময়ে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!