জাতীয়

নির্বাচন উপলক্ষ্যে ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৩২ পিএম ১০
নির্বাচন উপলক্ষ্যে ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চার দিনের জন্য ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) টাকা পাঠানোর সেবাও সীমিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট–১ আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন আইবিএফটির মাধ্যমে পি-টু-পি লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যক্তি হিসাবের লেনদেন সীমিত থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচন উপলক্ষ্যে এমএফএস–সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। একই সঙ্গে সব লেনদেন সার্বক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সময়ে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!