নিজের নির্বাচনী এলাকা ঢাকা–১৭–এর সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই এলাকায় শৈশব থেকে বড় হয়েছেন তিনি। তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের জীবনের গুরুত্বপূর্ণ অনেক সময় এই এলাকার সঙ্গেই জড়িয়ে আছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। ছোটবেলা থেকে এই এলাকাতেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরাও এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। কাজেই এলাকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।’
পথসভার মঞ্চে ওঠার পর বিকেল সাড়ে তিনটার দিকে তিনি উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর বিকেল ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান বলেন, এটি একটি পথসভা হওয়ায় তিনি দীর্ঘ বক্তব্য দেবেন না। মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় রেখেই সংক্ষিপ্তভাবে কথা বলবেন বলে জানান তিনি।
রাজধানী ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপির চেয়ারম্যান বলেন, এমন একটি ঢাকা শহর চান তিনি—যেখানে মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন এবং নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা যাবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি অঙ্গীকার করেন।
বক্তব্যের শেষেও তিনি আবারও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিনীত অনুরোধ জানাচ্ছি, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিন।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!