ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির মো. আহসান উদ্দিন বাদী হয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন—উত্তরা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন এবং সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।
এজাহারে বলা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া নগদ অর্থ উত্তোলন ও আত্মসাৎ করেছেন। ভুয়া এবং অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির হিসাব থেকে মোট ৪ কোটি ৮৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা আত্মসাত করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় অধিকাংশ লেনদেন তফসিলি ব্যাংকের মাধ্যমে না করে নগদে করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের এফআইডি সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!