আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
তবে রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রধারী), নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্রধারী), নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।
এ ছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন জরুরি সেবায় ব্যবহৃত নৌযানের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। একই সঙ্গে প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহন এবং অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।
ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট কিংবা ক্ষেত্রমতো মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!