জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৭:৪৩ এএম
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ইরান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ক্ষমতা এবং পারস্পরিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে উভয় দেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ইরান আগ্রহী।

জলিল রহিমি জাহনাবাদি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ব্যাপক চাপ ও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। তবে এসব চাপ ইরানকে অগ্রগতির পথে বাধা দিতে পারেনি। বর্তমানে ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা এবং অত্যন্ত দক্ষ ও শিক্ষিত মানবসম্পদকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, চিকিৎসা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ইরান এমন একটি দেশ যা হাজার বছরের সভ্যতা ধারণ করে। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পেও ইরানের অবদান অনন্য। ইরানের সংস্কৃতি শত শত বছর ধরে এই বাংলার মানুষও ভাগাভাগি করে আসছে।”

সাখাওয়াত হোসেন আরও জানান, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ ও ইরান কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। দুই দেশ বহুপক্ষীয় ফোরামে একযোগে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে উভয় দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!