ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলে ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের চাপ বেড়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাস সংকটের সুযোগে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে ও অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। কলেজগেট ও গাজীপুরা এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যাত্রীরা অভিযোগ করেন, আন্তঃজেলা ও অন্তঃজেলার অনেক বাস বাড়তি আয়ের আশায় নির্ধারিত রুট ছেড়ে একাধিক ট্রিপ দিচ্ছে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে সাধারণ সময়ে বাসভাড়া ২০০ থেকে ২৫০ টাকা নেওয়া হয়, সেখানে আজ ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকে উঠছেন। ট্রাকে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
ময়মনসিংহগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সাধারণত ২৫০ টাকা ভাড়া লাগে। আজ সকালে বাসে উঠতে গিয়ে ৬০০ টাকা দিতে হয়েছে। এত ভোগান্তি আগের ঈদেও দেখিনি।
একটি গার্মেন্ট কারখানায় কর্মরত রাবেয়া খাতুন বলেন, ভোটের জন্য ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বাসই পাওয়া যাচ্ছে না। সকাল থেকে অপেক্ষা করছি। এখন মনে হচ্ছে ট্রাকে উঠতে হবে। সেখানেও ৪০০ টাকা নিচ্ছে। বাস কম, যাত্রী বেশি—এই সুযোগে ভাড়া বাড়ানো হচ্ছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচন দিবস ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষিত ছিল। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস–প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!