জাতীয়

রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৬:৪৭ এএম
রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটের বড় অংশ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত প্রবাসী ও অভ্যন্তরীণ—দুই মিলিয়ে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা পড়েছে।

ইসি জানিয়েছে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটারদের (আইসিপিভি) ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

প্রবাসী ভোটারদের ক্ষেত্রে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে জমা হয়েছে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি ব্যালট। এর মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি বাংলাদেশে পৌঁছেছে এবং ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা পড়েছে।

দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের ক্ষেত্রেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ইসি। বাংলাদেশ পোস্টের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি ব্যালট। এর মধ্যে ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

সব মিলিয়ে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারের ৮ লাখ ৮৩ হাজার ৩৮৭টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন বলে ইসি সূত্রে জানা গেছে। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত এসব ব্যালট গ্রহণ ও যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!