জাতীয়

ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান বিচারপতি

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৮:৪৮ এএম
ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান বিচারপতি

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বুধবার নিশ্চিত করেছেন, প্রধান বিচারপতি আগামীকাল সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে ভোট দেবেন।

এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায় ভোট দেবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মিরপুর-১২ নম্বর এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার কাছের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএসএইচ এলাকার কেন্দ্রে ভোট দেবেন। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন। তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় এবার কেন্দ্রে যেতে পারছেন না।

নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!