বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিয়েছেন। তিনি বলেছেন, ভোটগ্রহণের পরিবেশ শান্ত এবং সুষ্ঠু।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন তামিম। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন তিনি। তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। পরিবেশ ভালো মনে হয়েছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’
ভোটকেন্দ্রে প্রবেশের সময় তাঁর সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল ছিল। কেন্দ্র এলাকায় তাঁকে দেখতে স্থানীয় ভোটার ও তরুণদের ভিড় দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলেন।
নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে এ কেন্দ্রসহ আশপাশের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম–৯ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।
এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!