স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের খবর তাঁদের কাছে আসেনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটি যেন উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা যায়, সে প্রত্যাশা তাঁর। তিনি আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
একজনের ভোট আরেকজন দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোনো ভিডিও থাকলে তা তাঁকে দিতে। বিষয়টি খতিয়ে দেখা হবে। তাঁর মতে, এ ধরনের ঘটনার সম্ভাবনা খুবই কম।
বিভিন্ন জেলায় ছোটখাটো কিছু ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, পরিস্থিতি আরও শান্তিপূর্ণ হোক—এটাই প্রত্যাশা।
কেন্দ্র দখল প্রসঙ্গে তিনি আবারও বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। সংবাদমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!