জাতীয়

ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৮:০৩ এএম
ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশে ভোটারদের মধ্যে নির্বাচনের প্রতি ইতিবাচক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে বিকেল পর্যন্ত এই উৎসাহ অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর ইভার্স ইজাবস বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।”

তিনি জানান, সারা দেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না; তারা শুধুমাত্র ভোট পর্যবেক্ষণ করছে।

ইজাবস আরও বলেন, “বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আশা করছেন এবারের নির্বাচন হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।”

প্রাথমিক প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে, যেখানে দেখানো হবে নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটি ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম ঘটনা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!