জাতীয়

‘ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:১১ এএম
‘ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা-শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ছিল উল্লেখ করে তিনি বলেন, আইন প্রয়োগে নির্মোহ ভূমিকা রেখে সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত।

ইসি বলেন, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্ব ছিল না; বরং কমিশন এটিকে একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছিল। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সব আশঙ্কা দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তাকর্মী এবং বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

সমাপনী বক্তব্যে সানাউল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয়—সে প্রত্যাশাই সবার। ভবিষ্যতে আরও উন্নত নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের আশাও ব্যক্ত করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!