জাতীয়

ফরিদপুরের তিন আসনে বিএনপি, একটিতে জামায়াতের বেসরকারি জয়

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:১৭ এএম
ফরিদপুরের তিন আসনে বিএনপি, একটিতে জামায়াতের বেসরকারি জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে তিনি জানান, কেন্দ্রভিত্তিক ফলের পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটও যুক্ত করে এ ঘোষণা দেওয়া হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণ ছিল বলেও জানান তিনি।

ফরিদপুর–১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে বিজয়ী হয়েছেন মো. ইলিয়াস মোল্লা। বাংলাদেশ জামায়াতে ইসলামী–র এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খোন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এ আসনে ১৯৮টি কেন্দ্রে ভোট হয়।

ফরিদপুর–২ (নগরকান্দা ও সালথা) আসনে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস–এর প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। এ আসনে ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

ফরিদপুর–৩ আসনে বিএনপির নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবদুত তাওয়াব পান ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

ফরিদপুর–৪ আসনে বিএনপির শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সারোয়ার হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন সম্ভব হয়েছে। এ জন্য তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোটারদের ধন্যবাদ জানান।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!