ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের এই স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র নেতৃত্বের কথাও স্মরণ করেন। তাদের রাজনৈতিক দর্শন ও অভিজ্ঞতা আগামী দিনে পথপ্রদর্শক হবে বলে উল্লেখ করেন তিনি।
মুহাম্মদ ইউনূস আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্বের অধীনে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংবেদনশীল এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় স্বার্থে ইতিবাচক ভূমিকা রেখেছে।
সবশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!