ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটিতে রাজধানী ছেড়ে নিজ নিজ জেলায় গিয়েছিলেন লাখো মানুষ। ছুটি শেষ হয়ে শনিবার খুলেছে অফিস–আদালত। ফলে জীবিকার তাগিদে আবারও ঢাকামুখী হয়েছেন অনেকে।
সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল–এ গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। ফেরিঘাটে কোথাও কোথাও বিলম্বের খবর থাকলেও অধিকাংশ বাসই নির্ধারিত সময়ের কাছাকাছি পৌঁছাচ্ছে।
ঝিনাইদহ থেকে আসা যাত্রী মো. মোস্তাক বলেন, “ছুটির আগের দিন রাতে বাড়ি গিয়েছিলাম। ভোট দিলাম, ছুটিও কাটালাম। আজ অফিস শুরু, তাই ফিরে এলাম।”
মাগুরা থেকে আসা আরিফ বলেন, ভোট দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন তিনি। ছুটি শেষে শনিবার ঢাকায় ফিরেছেন। পথে উল্লেখযোগ্য ভোগান্তি হয়নি বলেও জানান তিনি।
বরিশাল থেকে আগত জাকির হোসেনের অভিজ্ঞতা, “যাওয়ার সময় কিছুটা ভোগান্তি ছিল। তবে ফেরার পথে তেমন সমস্যা হয়নি। এবারের ছুটির অভিজ্ঞতা ভালোই।”
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকামুখী প্রায় সব বাসই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। তবে ঢাকা ছাড়ার তুলনায় আগত যাত্রীর সংখ্যা বেশি।
ঢাকা–কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই প্রতিটি বাস যাত্রী নিয়ে ফিরছে এবং দিনভর এ ধারা থাকবে। যদিও বাড়িফেরা যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।
সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন বলেন, সকাল থেকে তাঁদের ছয়টি বাস যাত্রী নিয়ে ফিরেছে। মহাসড়কে তেমন যানজট না থাকায় যাত্রীরা স্বস্তিতে ফিরতে পারছেন।
ঈগল পরিবহনের এক কর্মী ইলিয়াস জানান, শনিবার উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী ঢাকায় ফিরলেও আগামীকাল সংখ্যা আরও বাড়তে পারে। কারণ রোববার থেকে পুরোদমে অফিস কার্যক্রম শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর ছুটি শেষে রাজধানী আবারও ফিরছে কর্মব্যস্ত ছন্দে।
No comments yet. Be the first to comment!