জাতীয়

বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইলেন ভুট্টো

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৬:২৭ এএম
বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইলেন ভুট্টো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। ৪৩,২৯৫ ভোটের ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আবারও সংসদে ফিরেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফলে জানা গেছে, ধানের শীষ প্রতীকে ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯,৮০৫ ভোট। বরিশাল বিভাগের ২১টি আসনে মোট ১২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুইজন। ইলেন ভুট্টো একমাত্র বিজয়ী নারী।

রাজনৈতিক দিক দিয়ে ইলেন ভুট্টো নতুন নয়। তার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন, তবে ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রথমবার সংসদে নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার আবারও সংসদে ফিরে আসলেন।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন নিয়ে জেলা বিএনপির ভেতরে কিছুটা অসন্তোষ থাকলেও ইলেন ভুট্টো নেতাকর্মীদের একত্র করে মাঠে সক্রিয় প্রচারণা চালান। জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তফা কামাল সন্টু বলেন, “জনপ্রিয়তা ও জনমত জরিপের ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দেন। সব প্রতিকূলতা কাটিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জন করেছেন।”

বিজয়ের পর ইলেন ভুট্টো বলেন, “বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমি সারাজীবন বিনয়ী থাকব। যারা আমাকে এমপি বানিয়েছেন, তাদের কাছে আমি ঋণী।”
তিনি আরও জানিয়েছেন, তার প্রথম লক্ষ্য উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!