জাতীয়

আইজিপির পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ঘোষণা নেই

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৫:৩২ এএম
আইজিপির পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ঘোষণা নেই

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগের খবর নিয়ে রোববার সন্ধ্যায় নানা আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিকেলে আইজিপির কার্যালয়ে গিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে পদত্যাগসংক্রান্ত একটি পত্র হস্তান্তরের কথা শোনা গেলেও তা এখনো মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।

একটি সূত্র দাবি করে, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে আইজিপিকে। নতুন সরকারের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে রাতেই পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বক্তব্যে পদত্যাগের সংবাদকে ‘ভিত্তিহীন’ বলা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আইজিপির পদত্যাগ নিয়ে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় এবং বিভ্রান্তিকর। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১১টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি-সংক্রান্ত নিয়মিত সভায় সভাপতিত্ব করেন আইজিপি। সন্ধ্যা পর্যন্ত তিনি দপ্তরে দায়িত্ব পালন করেন বলেও পুলিশ সূত্র জানিয়েছে।

সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রজ্ঞাপন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হয় না।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!