জাতীয়

নতুন সরকার নির্দেশ দিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৭:০৮ এএম
নতুন সরকার নির্দেশ দিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা অতিরিক্ত ফোর্স ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ভাষণে সেনাপ্রধান বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকার নির্দেশনা দিলেই সদস্যরা ব্যারাকে ফিরে যাবেন।

নির্বাচনকালে মোতায়েন অতিরিক্ত সদস্যদের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর সেই ফোর্স ধাপে ধাপে প্রত্যাহার করা হয়েছে।

সেনাপ্রধান ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। ভুল ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বানও জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!