জাতীয়

শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, মোদি-শেহবাজ আসছেন না

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৭:১৩ এএম
শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, মোদি-শেহবাজ আসছেন না

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সশরীরে উপস্থিত থাকছেন না। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদি না আসার কারণে ওম বিড়লা ও বিক্রম মিশ্র ঢাকায় প্রতিনিধিত্ব করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসতে না পারায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আমন্ত্রিত অতিথিদের তালিকায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আরও কয়েকজনের চূড়ান্ত উপস্থিতি নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। এতে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান অন্তর্ভুক্ত।

গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। জোটসঙ্গীরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!