জাতীয়

এলপি গ্যাসে ভ্যাট-আগাম কর কমাল সরকার

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৬:২৬ এএম
এলপি গ্যাসে ভ্যাট-আগাম কর কমাল সরকার

এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে ভ্যাট ও আগাম কর কমিয়েছে সরকার। উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং আমদানিতে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে সই করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। একই সঙ্গে আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম করও আরোপ থাকবে না। তবে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আগের মতো বহাল রয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, কর-ভ্যাট কমানোর এ সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমার সুযোগ তৈরি হবে। বর্তমানে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট এবং আমদানি পর্যায়ে আগাম কর দিতে হতো, যা সরাসরি দামে প্রভাব ফেলত।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, জনস্বার্থ বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–এর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সুবিধাটি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট এবং আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার থাকবে। ফলে আমদানির পর স্থানীয় পর্যায়ে যে মূল্য সংযোজন হবে, তার ওপর নতুন করে কোনো ভ্যাট কার্যকর থাকবে না।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!