জাতীয়

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক, নেতা নির্বাচনে বসছে বিএনপি

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৬:৩৪ এএম
সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক, নেতা নির্বাচনে বসছে বিএনপি

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথের পরপরই সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে বসছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকের প্রধান আলোচ্যসূচি সংসদ নেতা নির্বাচন।

দলীয় সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান–কেই সংসদ নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত করার বিষয়টি সভায় উপস্থাপন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। গত শুক্রবার রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী আজ সকাল ১০টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা।

শপথের প্রায় এক ঘণ্টা পর সংসদ ভবনেই শুরু হবে সংসদীয় দলের বৈঠক। দলীয় নেতারা জানিয়েছেন, সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনার কৌশল ও সরকারের অগ্রাধিকার বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, সংসদীয় দলের সভায় নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন—দলের অভ্যন্তরে এমন প্রত্যাশা রয়েছে।

এদিকে বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে দিনের মধ্যেই নতুন সরকারের নেতৃত্বের রূপরেখা স্পষ্ট হতে পারে। রাজনৈতিক অঙ্গনে তাই সাড়ে ১১টার বৈঠক ঘিরে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!