জাতীয়

অঙ্গীকার পূরণের দায়িত্ব বিএনপি সরকারের: তারেক রহমান

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:২৬ এএম
অঙ্গীকার পূরণের দায়িত্ব বিএনপি সরকারের: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের পূর্ণ সুযোগ জনগণ দিয়েছেন। এখন সেই অঙ্গীকার পূরণ করা তাঁর সরকারের দায়িত্ব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ঘোষণা করেছিলেন—দেশ ও জনগণের জন্য তাঁর একটি পরিকল্পনা রয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে গিয়ে তিনি তাঁর পরিকল্পনার নানা দিক তুলে ধরেন। জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আপনারা আমাদের দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের।”

প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই যাত্রাপথে ভবিষ্যতেও দেশবাসীর সমর্থন প্রত্যাশা করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, ভোট দেননি অথবা কাউকেই ভোট দেননি—সবাই সমানভাবে এই সরকারের নাগরিক। “দলমত, ধর্ম বা দর্শন যার যার—রাষ্ট্র সবার,”—বলেন তিনি। একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!