পবিত্র রমজান–এর প্রথম দিনেই রাজধানীর বাজারে চড়া পেঁয়াজের দাম ক্রেতাদের জন্য ঝুঁকি তৈরি করেছে। সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজার–সহ বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা গেছে, দাম আগের তুলনায় বেড়ে গেছে। ছোট আকারের পেঁয়াজও এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, “গত দুই-তিন দিন ধরে পেঁয়াজের দাম বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদা বৃদ্ধির কারণে বাজারে দাম বেড়েছে। রমজানকে কেন্দ্র করে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।”
খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় বাধ্য হয়েই খুচরা দামে বৃদ্ধি করতে হচ্ছে। অনেকের মতে, আগের তুলনায় দাম কয়েক দফা বেড়েছে; তাই খুচরা বাজারে দাম সমন্বয় ছাড়া বিকল্প নেই।
এক ক্রেতা মারুফ হোসেন বলেন, “রমজান এলেই ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কাটার চেষ্টা করে। গত সপ্তাহে দুই কেজি পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়, আর আজ ১২০–১৩০ টাকা চাইছে।”
রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “ভ্যানগাড়ি থেকে দুই দিন আগে ৫০ টাকায় কেজি দরে পেঁয়াজ কিনেছি। ছোট পরিবারের জন্য এক সপ্তাহ চলবে। রোজার সময় দাম বাড়বে এটা জানতামই, ব্যবসায়ীরা রোজা আসলেই দাম বাড়িয়ে দেয়।”
ক্রমবর্ধমান চাহিদা ও সরবরাহ সংকটের কারণে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এই প্রথম রোজাতেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!