জাতীয়

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:৩৫ এএম
বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের ম্যান্ডেট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে নতুন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়া সত্ত্বেও যদি বর্তমান সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্র-জনতা বা ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্জু নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রের বিভিন্ন সংস্কার এবং চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল। শত শত শহীদের রক্তের বিনিময়ে তৈরি হওয়া ‘জুলাই সনদ’ যেন কোনোভাবেই ভূলুণ্ঠিত না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।

মঞ্জু বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলা গণহত্যার বিচার প্রক্রিয়া এবং আগের সরকারের শুরু করা সংস্কার কাজগুলো অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আওয়ামী লীগের পুনর্বাসন ও কার্যালয় খোলা প্রসঙ্গে বলেন, “শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে ছাত্রদের ওপর আক্রমণ করেছেন, যার তথ্যপ্রমাণ সবার কাছে আছে। বিচার ছাড়া জালেমদের পুনর্বাসন বা ক্ষমার দৃষ্টান্ত তৈরি করা যাবে না।”

তিনি নির্বাচনের স্বচ্ছতা এবং পোস্টাল ব্যালট প্রবর্তনের মাধ্যমে ভবিষ্যতের নির্বাচন ব্যবস্থা শক্ত করার পরামর্শ দেন। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বাজার নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধের জন্যও মঞ্জু যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানোর প্রস্তাব সমর্থন করেন। তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী, এমপি এবং আমলাদের সম্পদের হিসাব নেওয়া এবং তা জনসমক্ষে প্রকাশ করা উচিত, যাতে ‘জিরো টলারেন্স’ নীতি দৃশ্যমান হয়।

মঞ্জু নতুন সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “নতুন সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অহংকারী না হয়ে জনগণের প্রতি বিনয়ী হবে এবং একটি ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!