জাতীয়

স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ৬৭ দিন

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:৪৬ এএম
স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ৬৭ দিন

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটি এবং শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন

শিক্ষাপঞ্জি অনুযায়ী, বড় ছুটির মধ্যে রয়েছে:

  • পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন (সাপ্তাহিক ছুটিসহ) বিদ্যালয় বন্ধ থাকবে।

  • ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি: ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন।

  • শীতকালীন ছুটি ও বড়দিন: ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন।

এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসেও নির্দিষ্ট দিনগুলোতে বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সময়সূচিও ঘোষণা করা হয়েছে:

  • অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা: ২৮ জুন থেকে ১৩ জুলাই।

  • নির্বাচনী পরীক্ষা: ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর।

  • বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর।

  • জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর।

পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষা ১২ কর্মদিবসের বেশি চলতে পারবে না। বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিতে হবে; বাইরে থেকে সংগৃহীত প্রশ্ন ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না।

এছাড়া, সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ রাখা বা শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ভর্তি কার্যক্রম বা অন্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখতে পারবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!