জাতীয়

রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:৫৩ এএম
রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি স্পটে কম দামে এই পণ্য বিক্রি করা হবে, যা অসহায়দের পুষ্টি ঘাটতি কমাতে সহায়ক হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, এবার ১০ লাখ পরিবার কম দামে এই পণ্য কিনতে পারবে। বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে এবং এটি পুরো রমজান মাস জুড়ে চলবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্ককে গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান, এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়া মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!