চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি খেলার দল নির্ধারণ করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী ১২টি দল সরাসরি খেলবে, বাকী ৮ দল বাছাইপর্ব খেলে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।
আইসিসির ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ, যেখানে বাংলাদেশও সরাসরি খেলবে। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান ও আয়ারল্যান্ডও সরাসরি টুর্নামেন্টে সুযোগ পেয়েছে।
এ খবর জানার পর বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল ভেরিফাইড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লিখেছেন, “দুঃখজনকভাবে চলমান বিশ্বকাপে আমরা অংশ নিতে পারিনি। তবুও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন নিঃসন্দেহে একটি বড় সাফল্য। এই অর্জন প্রমাণ করে—চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না, বরং আরও দৃঢ় ও সংগঠিত করে তোলে। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন। বিশেষ শুভেচ্ছা লিটনকে, যিনি দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। আমি আমার দলকে নিয়ে সত্যিই গর্বিত।”
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ৮ দল, স্বাগতিক ২ দল এবং র্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি ২০২৮ সালের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। এবার সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান বিশ্বকাপে সরাসরি সুযোগ পেয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে।
এই সুবাদে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!