নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের সড়কে ঘটে গেছে ৫৫৯টি দুর্ঘটনা, যার ফলে ঝরেছে ৪৮৭ জন প্রাণ। আহত হয়েছেন ১,১৯৪ জন। এসব ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর শিকার হয়েছেন মোটরসাইকেল আরোহী ও চালক, যারা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানিয়েছেন, ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন। এ ছাড়া ৪টি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২ জন এবং আহত ১৭ জন।
নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৫৭ জন। যানবাহনভিত্তিক মৃত্যুর মধ্যে বাস যাত্রী ২১ জন, ট্রাক ও পিকআপের আরোহী ২৮ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাস ৯ জন, থ্রি-হুইলার ৭৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের আরোহী ১৩ জন এবং বাইসাইকেল আরোহী ১১ জন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ১৩৫টি মুখোমুখি সংঘর্ষ, ২০৯টি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, ১৩৭টি পথচারী চাপা, ৭২টি যানবাহনের পেছনে আঘাত এবং ৬টি অন্যান্য কারণে ঘটেছে।
সড়কের ধরন অনুযায়ী, ১৫৬টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২০৭টি আঞ্চলিক সড়কে, ৮৫টি গ্রামীণ সড়কে, ১০৩টি শহরের সড়কে এবং ৮টি অন্যান্য স্থানে হয়েছে। মোট ৮৮৫টি যানবাহন দুর্ঘটনায় জড়িত ছিল।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে—১৪৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৯ জন। সিলেটে সবচেয়ে কম, ২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় নিহত ১৮ জন এবং আহত ৪১ জন।
নিহতদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন—শিক্ষার্থী ৫৭ জন, রাজনৈতিক নেতাকর্মী ২৭ জন, ব্যবসায়ী ২১ জন, এনজিও কর্মী ১৯ জন, শিক্ষক ১৩ জন, সাংবাদিক ৬ জন, ব্যাংক ও বীমা কর্মকর্তা ১১ জন, আইনজীবী ৪ জন, চিকিৎসক ২ জন, পুলিশ ২ জন, পোশাক শ্রমিক ৯ জন, নির্মাণ শ্রমিক ৬ জন, প্রতিবন্ধী ৩ জন।
প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো: ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা, কর্মঘণ্টা ও বেতন অনিয়ম, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, বিআরটিএ-এর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহনে চাঁদাবাজি।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে—দক্ষ চালক তৈরি, বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ ক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন, মহাসড়কে সার্ভিস রোড ও রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!