জাতীয়

এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

আপডেট: ফেব ২০, ২০২৬ : ০৫:১৮ এএম
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় অবস্থিত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় তাঁরা ইফতারে অংশ নেন। ইফতারের আগে এতিম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রমজানের তাৎপর্য উপলব্ধি করে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে সেখানে যান জুবাইদা রহমান ও জাইমা রহমান। ইফতারে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাবারের আয়োজন ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য। স্থানীয় দলীয় সূত্র জানায়, ওই আসনের কড়াইল ও ভাষানটেক এলাকায় অবস্থিত ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসে ইফতার, সেহরি ও রাতের খাবার সরবরাহ করা হবে।

দলীয় নেতারা জানান, প্রতিবছর রমজানের প্রথম দিনে এতিম ও উলামা–মাশায়েখদের নিয়ে ইফতার অনুষ্ঠানে অংশ নিতেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতারা। তবে এবার কেন্দ্রীয়ভাবে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!