৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জন রয়েছেন। এ ছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনীত হয়েছেন।
১০ম গ্রেডে বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড–এর অধীনে। সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েক শ প্রার্থী মনোনীত হয়েছেন। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)–সহ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার প্রার্থী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!