চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য মানুষের সেবা নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় রাখা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
মন্ত্রী বলেন, ‘আমাদের চলমান যে প্রকল্পগুলো আছে, সেগুলো চলবে। কোনো প্রকল্প বন্ধ হবে না।’ প্রয়োজনে বিদ্যমান বিধিবিধান পর্যালোচনা করে কাজের গতি বাড়ানোর কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, অল্প সময়ের মধ্যেই অনিয়ম দূর করে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। তিনি জানান, ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঈদের আগে প্রাথমিকভাবে এ কার্ড বিতরণ শুরু করা হবে।
সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নে সঠিক ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। উন্নয়ন প্রকল্প যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে মানুষের কাজে লাগে, সে লক্ষ্যেই কাজ করতে হবে।
তিনি বলেন, সময় সীমিত—তাই অগ্রাধিকার নির্ধারণ জরুরি। সীমিত বাজেটের মধ্যে থেকেই সুশাসন ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে হবে। সম্পদের অপচয় রোধ ও প্রকৃত সমস্যার সমাধানের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, একসঙ্গে অসংখ্য প্রকল্প হাতে নেওয়ার বদলে অল্পসংখ্যক কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে সেটিই মন্ত্রণালয়ের প্রকৃত সাফল্য হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!