আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এখন সাজ-সাজ রব নিয়ে মুখর। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা। মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা—সব মিলিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ এখন এক কর্মমুখর পরিবেশে রাঙানো হচ্ছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে শহীদ মিনারে। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার এলাকায় দেখা যায়, মূল বেদীর আলপনার কাজ শেষ পর্যায়ে। রাস্তার আলপনার কাজে ব্যস্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ধুলোবালি পরিষ্কার করে মূল মিনার ও বেদীকে ধুয়ে নতুন রূপ দেওয়ার কাজ দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে মিনারের বেশ কিছু অংশে সাদা রঙের প্রলেপ পড়েছে। রং করার কাজ শেষ হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি বলেন, “আমরা ৫ শতাধিক শিক্ষার্থী মিলিতভাবে নিরলস পরিশ্রম করছি। ইতোমধ্যে লাইন টানার কাজ শেষ হয়েছে। আজ ও আগামীকাল রং করার কাজ সম্পন্ন হবে। আমরা চাই, নির্ধারিত সময়ের মধ্যে পুরো আয়োজন সুন্দরভাবে শেষ করা যাক।”
একই অনুষদের শিক্ষার্থী বিবেক কুমার জানান, “শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই দায়িত্বপূর্ণভাবে কাজ করছে। আশা করি আগামীকালের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি শেষ হবে।”
শুধু মূল মিনারই নয়, আশপাশের দেওয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুমও প্রস্তুত করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!