আগামী মে মাস থেকে ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, “আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য ছিল। চারা কোথায় পাওয়া যাবে, তা আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং প্রাইভেট সেক্টরের নার্সারিতে খুঁজে পাওয়া যাবে। সব মিলিয়ে প্রতি বছর পাঁচ কোটি চারা রোপণের লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে চাই।”
মে মাসের মধ্যে চারা রোপণ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এ বছর চারা জুলাইয়ের পরে রোপণ করা সম্ভব হবে না। তাই মে মাস থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের তিনটি সরকারি বিভাগের পাশাপাশি প্রাইভেট নার্সারি থেকেও যত চারা পাওয়া যাবে, তা লাগানো হবে।”
গাছের রোপণের স্থান সম্পর্কেও পরিবেশমন্ত্রী জানান, “চরে, নদীর দুই পাশে বাঁধে, রাস্তার ধারে, হিল ট্র্যাকে, ম্যানগ্রোভ বন ও লবণাক্ত অঞ্চলে—মোট ৭-৮টি নির্ধারিত স্থানে চারা রোপণ করা হবে। আমাদের লক্ষ্য, প্রতিটি ক্রাইটেরিয়ায় গাছ লাগিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা।”
মন্ত্রী আরও বলেন, “এই বছর হয়তো পাঁচ কোটি চারা রোপণ হবে না, তবে আগামী বছরে মেকআপ করে পাঁচ কোটির বেশি রোপণ করা হবে। এটাই আমাদের পরিকল্পনা।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!