রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, নতুন সরকার প্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রথমে নিজেই অনুসরণ করছেন। তিনি বলেন, “আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, প্রধানমন্ত্রী যখন পথে চলাফেরা করেন বা বাসা থেকে অফিসে যান, তখন কোনো সরকারি গাড়ি ব্যবহার করছেন না; নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং সেই গাড়ির জ্বালানিও নিজের টাকায় কিনছেন।”
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে মাসুদ কামাল এসব কথা জানান। তিনি আরও বলেন, “আগে প্রধানমন্ত্রী যাতায়াতের সময় ১৪–১৫টি গাড়ির বহর থাকত এবং নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা নিত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহর কমিয়ে চারটি গাড়িতে নামানো হয়েছে। এছাড়া, তাঁর গাড়িতে সব সময় জাতীয় পতাকা থাকার দরকার নেই; রাষ্ট্রীয় অনুষ্ঠানে কেবল তখনই পতাকা থাকবে।”
মাসুদ কামাল জানান, “ক্যাবিনেট মিটিংগুলো আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতো, এতে মন্ত্রীরা আসতে আসতে ভিআইপি চলাচল এবং যানজটের সৃষ্টি হতো। নতুন সিদ্ধান্তে এখন থেকে মিটিং সচিবালয়ে হবে, প্রধানমন্ত্রী একাই যাবেন এবং অন্যদের আসার দরকার নেই।”
তিনি বলেন, “এগুলোতে দেশের অর্থনীতি বা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন নেই, তবে এর প্রতীকী প্রভাব রয়েছে। দেশের সর্বোচ্চ ব্যক্তি এই উদাহরণ দেখাচ্ছেন যে, ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের জন্যও উদাহরণ তৈরি করা সম্ভব।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!