জাতীয়

নৌপ্রকল্প সময়মতো শেষ করতে মন্ত্রীর কড়া নির্দেশ

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৫:০৬ এএম
নৌপ্রকল্প সময়মতো শেষ করতে মন্ত্রীর কড়া নির্দেশ

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। অযৌক্তিকভাবে কাজ বিলম্বিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়-এর সভাকক্ষে কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো আইনি জটিলতা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া প্রকল্পের কাজে দেরি গ্রহণযোগ্য নয়। উন্নয়ন কর্মকাণ্ডে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে।

দেশের অর্থনীতিতে নৌখাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নৌপরিবহন ও রেলপথ সেবার মানোন্নয়ন এবং আধুনিকায়নের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। নৌপথে যাত্রীসেবা নিরাপদ ও আধুনিক করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের সব কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই পরিচালিত হবে। ‘আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা চাই না; জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই,’ বলেন তিনি।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ বছরের ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে।

সভায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান এবং নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!